অস্ট্রেলিয়া সফরের তিন দিনের প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসের লিড হাতছাড়া করেছে বাংলাদেশ। হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং সত্ত্বেও বাকি বোলারদের খরুচে পারফরম্যান্সে প্রথম ইনিংসে ৩৫৫ রান তোলে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। ফলে বাংলাদেশ ব্যাকফুটে পড়ে যায়।
বাংলাদেশের ২৬৩ রানের জবাবে ব্যাট করতে নেমে স্বাগতিক দল প্রথম ইনিংসে ৯২ রানের লিড নেয়। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের পক্ষে সর্বোচ্চ ১৩০ রান করেন টিগ ওয়াইলি। এ ছাড়া ফিফটি পান জেক ডোরান (৭৬) ও কার্টিস পিটারসন (৫৩)।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে আলো ছড়িয়েছেন পেসার হাসান মাহমুদ। ১৯ ওভারে ৫টি মেডেনসহ ৪২ রান দিয়ে তিনি একাই নেন ৪টি উইকেট। অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ৫৬ রানে ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ২ উইকেট পান। তবে বাকি পেসাররা হতাশ করেছেন—খালেদ আহমেদ ৫১ ও ইবাদত হোসেন ৬৬ রানে ১টি করে উইকেট নেন। অভিষেক অপেক্ষায় থাকা মুশফিক হাসান ৪ ওভারে ৩৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। আঙুলের চোটে বোলিং করতে পারেননি স্পিনার তাইজুল ইসলাম।
৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। দিন শেষে ৫ ওভারে ২ উইকেটে ১৯ রান সংগ্রহ করেছে সফরকারীরা। সাদমান ইসলাম (৬) ও মুমিনুল হক (৬) দ্রুত বিদায় নিয়েছেন। তানজিদ হাসান ৭ রানে অপরাজিত আছেন।
ডারউইনের মারারা ওভালে দুই দিন শেষে ৭৩ রানে এগিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ।
[ Peace News বাংলা ]

