পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন ও ক্যারিয়ার নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’-এর দ্বিতীয় পর্বে ফুটে উঠবে তার জীবনের অন্যতম বিতর্কিত ও আলোচিত অধ্যায়গুলো। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘জিকিউ মিডল ইস্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমায় মাইকেলের চরিত্রে অভিনয় করা তার ভাতিজা জাফর জ্যাকসন।

প্রথম পর্বে আশির দশকের শেষভাগ পর্যন্ত পপ তারকা হিসেবে তার উত্থান ও শৈশবের গল্প দেখানো হলেও, দ্বিতীয় পর্বে নব্বইয়ের দশক থেকে শুরু করে ২০০৯ সালে তার অকালমৃত্যু পর্যন্ত সময়কাল তুলে ধরা হবে। এই সময়ের মধ্যে তার সংগীতজীবন, ব্যক্তিগত জীবন এবং তাকে ঘিরে ওঠা নানা বিতর্কিত ঘটনা থাকবে মূল কেন্দ্রে।

বিশেষ করে নব্বইয়ের দশকে মাইকেলের বিরুদ্ধে ওঠা শিশুযৌন নিপীড়নের অভিযোগ এবং তার আইনি লড়াইয়ের বিষয়গুলো নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল রয়েছে। যদিও মাইকেল এসব অভিযোগ জীবনভর অস্বীকার করে গেছেন এবং ২০০৫ সালের মামলায় আদালত থেকে নির্দোষ প্রমাণিত হন, চলচ্চিত্রে বিষয়টি কীভাবে উঠে আসবে তা নিয়ে চলছে আলোচনা।

অভিনেতা জাফর জ্যাকসন জানান, সিনেমাটিতে কেবল একপাক্ষিক দৃষ্টিভঙ্গি নয়, বরং মাইকেলের নিজের অনুভূতি, মানসিক টানাপোড়েন এবং কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ার অভিজ্ঞতা গুরুত্ব পাবে। সব বিতর্ক ও প্রতিকূলতার মাঝেও কীভাবে তিনি মানুষের প্রতি ভালোবাসা ধরে রেখেছিলেন, তা তুলে ধরে এক মানবিক মাইকেলকে দর্শকদের সামনে উপস্থাপন করার পরিকল্পনা করা হয়েছে।

[ Peace News বাংলা ]

Share.
Leave A Reply

Exit mobile version