Wednesday, August 5

হরমুজ প্রণালি ও পারমাণবিক বিষয় নিয়ে নতুন উত্তেজনার আবহ; একই দিনে প্রণালিতে পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ইরানকে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি দ্বিপাক্ষিক সমঝোতায় পৌঁছানোর জন্য তেহরানের সামনে এটি ‘শেষ সুযোগ’ উল্লেখ করে ট্রাম্প সতর্ক করেছেন যে, চুক্তি না হলে দেশটিকে চরম পরিণতির মুখোমুখি হতে হবে। তবে ওয়াশিংটনের সাথে কোনো ধরনের আলোচনা চলছে—ডোনাল্ড ট্রাম্পের এই দাবি শুরুতেই প্রত্যাখ্যান করেছে ইরান।

হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ মধ্যপ্রাচ্যের একাধিক মিত্রদেশের অনুরোধে তিনি নতুন করে চুক্তি সম্পাদনের সুযোগ দিচ্ছেন। তিনি বলেন, “পরিস্থিতি একেবারে হাতছাড়া হওয়ার আগে আমরা ইরানকে সমঝোতার সুযোগ দিতে চাই। দুটি মূল বিষয় গুরুত্ব পাচ্ছে—প্রথমত, হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া এবং দ্বিতীয়ত, ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণ।

তবে ট্রাম্পের এই দাবি অস্বীকার করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে তাদের কোনো সমঝোতা বৈঠক চলছে না। তিনি বলেন, “বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো আলোচনা হচ্ছে না। তবে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্য জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ওমানের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।” তিনি আরও ইঙ্গিত দেন যে, ওমানের সাথে সমঝোতা হলেও এখনই প্রণালিটি পুরোপুরি উন্মুক্ত হওয়ার সম্ভাবনা নেই।

ইরানের পররাষ্ট্রমন্ত্রকের এই মন্তব্যের পর ট্রাম্প তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জোর দিয়ে দাবি করেন, “ইরান প্রকাশ্যে স্বীকার না করলেও আড়ালে আলোচনা চলছে। আমাদের অবরোধ বহাল রয়েছে এবং চুক্তি বা পূর্ণ আত্মসমর্পণ ছাড়া ইরানে কিছুই পৌঁছাতে দেওয়া হবে না।

হরমুজ প্রণালিতে নতুন হামলা ও উত্তেজনা:

কূটনৈতিক এই টানাপোড়েনের মধ্যেই ওমান উপকূলের কাছে সংঘাতময় হরমুজ প্রণালিতে একটি নতুন হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা (UKMTO) জানিয়েছে, প্রণালিতে চলাচলকারী একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত স্থান থেকে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সংস্থাটি ঘটনাটি নিয়ে তদন্ত চালাচ্ছে, তবে তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলার পর থেকেই ওই অঞ্চলে সংঘাত অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক জ্বালানি ও বাণিজ্য সুরক্ষায় বিশ্বশক্তির উদ্বেগের কেন্দ্রে রয়েছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রাখছে আন্তর্জাতিক মহল।

[ Peace News বাংলা ]

Share.
Leave A Reply

Exit mobile version