জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের প্রধান ও নির্ধারক মুহূর্ত ছিল জনগণকে দমন করতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানান ফজলে এলাহী আকবর।
তিনি উল্লেখ করেন, স্বৈরাচারী সরকারগুলো সাধারণত আন্দোলন দমনে পুলিশ বা আধা সামরিক বাহিনী ব্যবহার করে, কিন্তু সেনাবাহিনী নামানো হলে পরিস্থিতির সমীকরণ সম্পূর্ণ বদলে যায়। জুলাই আন্দোলনে সেনাসদস্যরা মাঠে নামলে সাধারণ মানুষ তাদের প্রতিপক্ষ হিসেবে না দেখে তাদের কাছে গেছে, হাত মিলিয়েছে এবং আন্তরিকতা দেখিয়েছে।
তিনি আরও বলেন, সৈনিকরাও এই সমাজের অংশ এবং তাঁদের পরিবারও একই পরিস্থিতিতে ছিল। ফলে নিজের দেশের মানুষের ওপর নির্বিচার গুলি চালানোর নির্দেশ সেনাসদস্যদের মধ্যে মনস্তাত্ত্বিক বাধা তৈরি করে। বাহিনীর ভেতরের এই অবস্থান এবং রক্তপাত এড়ানোর আকাঙ্ক্ষাই পরবর্তীতে সেনাপ্রধানকে ক্ষমতার দিকে না গিয়ে রাজনৈতিক সমাধানের পথে হাঁটতে বড় ভূমিকা রাখে।
[ Peace News বাংলা ]

