দীর্ঘ এক দশক পর পুরোনো ক্লাব ম্যানচেস্টার সিটিতে ফিরলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার হেরোনিমো রুলি। ফরাসি ক্লাব মার্সেই থেকে ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে ৩৪ বছর বয়সী এই গোলকিপারকে দলে ভিড়িয়েছে ইংলিশ চ্যাম্পিয়নরা।

সম্প্রতি ৪ কোটি ৫০ লাখ পাউন্ডে ইংলিশ গোলকিপার জেমস ট্রাফোর্ড লিডস ইউনাইটেডে যোগ দেওয়ায় সিটিতে ব্যাকআপ গোলকিপারের পদটি ফাঁকা হয়। সেই শূন্যতা পূরণ করতেই রুলিকে চুক্তিবদ্ধ করেছে সিটি।
২০১৬ সালে প্রথমবার সিটিতে যোগ দিলেও কোনো ম্যাচ না খেলেই ধারে রিয়াল সোসিয়েদাদে চলে যান রুলি, পরবর্তীতে সেখানেই স্থায়ী হন। এরপর ভিয়ারিয়াল, আয়াক্স ও মার্সেইয়ের হয়ে খেলেন তিনি। মার্সেইয়ের হয়ে গত দুই মৌসুমে ৭৩ ম্যাচ খেলে ২০২৪-২৫ মৌসুমে দলকে লিগ ওয়ানে রানার্সআপ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৮টি ম্যাচ খেলা রুলি ২০২২ বিশ্বকাপ এবং পরবর্তী বিশ্বকাপ দলেও ছিলেন, যদিও একাদশে নামা হয়নি। হংকং ও দক্ষিণ কোরিয়ায় প্রি-সিজন সফর শেষে ম্যান সিটি ফিরে এলেই রুলি আনুষ্ঠানিকভাবে নতুন মেয়াদের কাজ শুরু করবেন।
[ Peace News বাংলা ]

