কলম্বিয়ার নতুন ডানপন্থী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ৪৮ বছর বয়সী আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। শুক্রবার দেশটির কালি শহরের একটি সামরিক ঘাঁটিতে উদ্বোধনী ভাষণে তিনি আইন-শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, মাদক পাচারের বিরুদ্ধে কঠোর অভিযান এবং ধসে পড়া অর্থনীতি পুনরুজ্জীবিত করতে রাষ্ট্রের ব্যয় ৪০ শতাংশ কমানোর অঙ্গীকার করেন।

গত জুন মাসের রান-অফ নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বামপন্থী উত্তরসূরি ইভান সেপেদাকে হারিয়ে ঐতিহাসিক জয় পান সাবেক আইনজীবী ও ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এসপ্রিয়েলা। আগে কোনো সরকারি পদে দায়িত্ব পালন না করলেও কট্টর ডানপন্থী নীতি, তেল-গ্যাস খাতের পুনরুদ্ধার এবং অপরাধ দমনের প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের সমর্থন পান নিজেকে ‘দ্য টাইগার’ হিসেবে পরিচয় দেওয়া এই নেতা।
লাতিন আমেরিকাজুড়ে ক্রমান্বয়ে বাড়তে থাকা ডানপন্থী রাজনৈতিক প্রভাবের অংশ হিসেবেই দেখা হচ্ছে তাঁর এই উত্থানকে। ১৯৯১ সালের সংবিধান অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘শৃঙ্খলা, কর্তৃত্ব ও স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার সময় এসে গেছে।’
[ Peace News বাংলা ]

