আসন্ন রাখীবন্ধন উৎসব উপলক্ষ্যে একটি নামী জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা যায় বলিউড অভিনেত্রী কৃতি স্যাননকে। তবে বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল পড়ে যায়। সেখানে কৃতির পরিহিত বিশেষ ধরনের পোশাক এবং একটি কুকুরকে রাখি বাঁধার দৃশ্য নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। সমালোচকদের মতে, এমন পোশাক ও উপস্থাপনা রাখী উৎসবের ঐতিহ্যগত মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিতর্কের পর নীরবতা ভেঙে কৃতি স্যানন সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক ক্ষোভপূর্ণ বিবৃতি প্রকাশ করেছেন। নারীদের পোশাক নিয়ে বারবার প্রশ্ন তোলার প্রবণতা নিয়ে পাল্টা প্রশ্ন তুলে তিনি বলেন, “উৎসবের আসল সৌন্দর্য পোশাকের নকশায় নয়, বরং ঐতিহ্যের প্রতি আন্তরিক অনুভূতি ও তার তাৎপর্য উপলব্ধির মধ্যে নিহিত।”
পোশাকের চেয়ে সংস্কৃতির স্থান হৃদয়ে বেশি—উল্লেখ করে তিনি আরও যোগ করেন যে, যুগের সাথে ফ্যাশন পাল্টালেও একজন নারীর সংস্কৃতিমনস্কতা তার পোশাকের দৈর্ঘ্য বা ডিজাইনে পরিমাপ করা অনুচিত। এছাড়া কুকুরকে রাখী বাঁধার বিষয়ে আপত্তি তোলা সমালোচকদের জবাবে তিনি জানান, পোষা কুকুরকে পরিবারের সদস্য মনে করেই এমন ভাবনা করা হয়েছে, যা উৎসবের আবহকেই প্রকাশ করে।
[ Peace News বাংলা ]

