সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে নির্মিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ ঘুরে দেখেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। শনিবার সকালে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির অর্ধশতাধিক সদস্যের একটি প্রতিনিধিদল ও ছাত্রনেতারা এই পরিদর্শনে অংশ নেন।

প্রতিনিধিদলে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন ও নুসরাত তাবাসসুম, কেন্দ্রীয় নেতা সারজিস আলমসহ জাতীয় ছাত্রশক্তির নেতারা উপস্থিত ছিলেন। এনসিপি নেতারা জাদুঘরের চত্বরে থাকা স্মারক গ্রাফিতি, প্রতীকী কবর ও বিভিন্ন ভাস্কর্য পরিদর্শনের পর মূল ভবনে প্রবেশ করেন।

জাদুঘরের নিচতলায় থ্রিডি প্রজেকশন, আওয়ামী লীগ শাসনামলের রাজনৈতিক দমন-পীড়ন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা ও গুম-নির্যাতনের বিভিন্ন স্মারক ঘুরে দেখেন নেতারা। বিশেষ আকর্ষণ হিসেবে সাবেক প্রধানমন্ত্রীর অফিসকক্ষে রাখা ‘লাল টেলিফোনে’ ডায়াল করে শেখ হাসিনার বিভিন্ন ফোনালাপ শোনেন নাহিদ ইসলামসহ অন্য নেতারা।

দ্বিতীয় তলায় অভ্যুত্থানের ভিডিও ক্লিপ, দেবাশিস চক্রবর্তীর পোস্টার সংগ্রাহালয় এবং শহীদদের ব্যবহূত পোশাক, হাতঘড়ি, চশমাসহ স্মৃতিচিহ্ন পরিদর্শন করা হয়। পরিদর্শন শেষে চত্বরে থাকা প্রতীকী আয়নাঘর ও টিএফআই সেল ঘুরে দেখে জাদুঘর কার্যালয়ে বৈঠক করেন এবং পরবর্তীতে এক সংবাদ সম্মেলন আয়োজন করেন নেতারা।

[ Peace News বাংলা ]

Share.
Leave A Reply

Exit mobile version