তেহরান: মধ্যপ্রাচ্যে উত্তেজনা আর আঞ্চলিক সামরিক উপস্থিতির টানাপোড়েনের মধ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্দেশে কঠোর হুশিয়ারি বার্তা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক অবরোধ ও যুদ্ধ বজায় থাকলে পারস্য উপসাগর বা হরমুজ প্রণালি দিয়ে কোনো দেশেরই তেল পার হতে দেওয়া হবে না।
সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই বলেন, “যদি এই অর্থনৈতিক যুদ্ধ চলতে থাকে, তবে হরমুজ প্রণালি দিয়ে কিংবা পারস্য উপসাগরের কোথাও থেকে এক ফোঁটা তেলও রপ্তানি করা সম্ভব হবে না।”

তিনি বিশ্বশক্তি ও আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে আরও জানান, ইরানি জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান এই অর্থনৈতিক যুদ্ধে যে কোনো দেশের অংশগ্রহণ, সাহায্য কিংবা সমর্থনকে ইরান সরাসরি ‘যুদ্ধাপরাধ’ হিসেবে গণ্য করবে।
এর আগে তেহরানের পক্ষ থেকে জানানো হয়, পারস্য উপসাগর ও কৌশলগত হরমুজ প্রণালির নিরাপত্তা ও নৌ-ব্যবস্থাপনা সম্পূর্ণভাবে সমুদ্র উপকূলীয় দেশগুলোর নিয়ন্ত্রণে থাকা উচিত। যেসকল দেশ মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনে সুযোগ দেবে বা ওয়াশিংটনের সামরিক-অর্থনৈতিক কার্যক্রমে সহায়তা করবে, তাদের কঠোর জবাবদিহিতার আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামরিক ও বাণিজ্যিক জলপথ স্তব্ধ করার এই হুমকির ফলে আন্তর্জাতিক তেল বাজারে তীব্র প্রতিক্রিয়া ও বিশ্ব রাজনীতিতে নতুন করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।
[ Peace News বাংলা ]

