মেহেরপুর ও কুড়িগ্রাম প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি বৃদ্ধ কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার পর পাল্টা দুই ভারতীয় নাগরিককে আটক করে স্থানীয় গ্রামবাসী। পরবর্তীতে বিজিবি ও বিএসএফের উচ্চপর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে উভয় দেশের নাগরিকদের নিজ নিজ বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ভারতে অনুপ্রবেশের দায়ে অপর এক বাংলাদেশি তরুণকে আটক করেছে বিএসএফ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে প্রায় দেড় বিঘা জমিতে দীর্ঘদিন ধরে কাঁচা মরিচসহ বিভিন্ন ফসল চাষ করে আসছিলেন ইছাখালী মসজিদপাড়ার প্রয়াত নূর বক্সের ছেলে বৃদ্ধ আবদুল মান্নান (৭০)। মঙ্গলবার সকাল আটটার দিকে তিনি নিজ জমিতে কীটনাশক দিতে গেলে বিএসএফ সদস্যরা তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

ঘটনাটি গ্রামে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। আবদুল মান্নানের নাতি ইব্রাহিম খলিলুল্লাহ জানান, বিএসএফের কাছে তাঁর দাদাকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হলেও তারা তাতে সাড়া দেয়নি। এর প্রেক্ষিতে ক্ষুব্ধ গ্রামবাসী সীমান্ত এলাকায় অবস্থানরত দুই ভারতীয় কৃষক—সচিন কর্মকার ও নারায়ণ দেবকে ধরে এনে আটক রাখেন।

উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিরসনে দুপুর দুইটার দিকে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক তিনজনকেই নিজ নিজ দেশের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, সফল পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ বাংলাদেশি কৃষক আবদুল মান্নানকে ফেরত দিয়েছে এবং এলাকাবাসীর হাতে আটক দুই ভারতীয় নাগরিককেও বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তের শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চরের দোনালার মাথা এলাকায় আজিবর রহমান (২৩) নামের এক বাংলাদেশি তরুণকে আটক করেছে বিএসএফ। আজিবর ওই এলাকার নুরুল মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার দিবাগত মধ্যরাতে কয়েকজন তরুণ আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছাকাছি এলাকা দিয়ে ভারতে প্রবেশ করলে বিএসএফ সদস্যদের টহলের মুখে পড়েন। এ সময় অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হলেও আজিবর বিএসএফের হাতে ধরা পড়েন।

বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই বাংলাদেশি নাগরিক ভারতের অভ্যন্তরীণ ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ তাঁকে আটক করে। তাঁকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও যোগাযোগ অব্যাহত রয়েছে।

[ Peace News বাংলা ]

Share.
Leave A Reply

Exit mobile version